Somoy TV
পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা নাবুর পরিবারের। কিন্তু গভীর রাতে নাবুর বাসায় ঢুকে সব কিছু ভেস্তে দেন রাজমিস্ত্রি মুসা। ‘ভাবি মাফ করে দিয়েন’ বলে লুকিয়ে রাখা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নাবুর স্ত্রী ও তার তিন সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল পাঁচ বছরের ছেলে। তবে হাসপাতালে নিতেই বড় মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী কাজলার ভাঙ্গা প্রেস এলাকায় নাবু ভবনের অষ্টম তলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম দিয়া (২০)। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আর তার ভাই মোয়াজ আহমেদ (১৫), বোন জয়া (১২) ও মা নুসরাত জাহান মৌসুমী (৪০) গুরুতর আহত হয়েছেন। পরিবারটির গাড়িচালক মো. বিল্লাল হোসেন জানান, কাজলা ভাঙ্গা প্রেস এলাকার বাড়িটি ভুক্তভোগীদের নিজেদের। পাশে তাদের আরেকটি বাড়ি রয়েছে৷ সেই বাড়িতে ভাড়া থাকেন মুসা নামে রাজমিস্ত্রি। মৌসুমিদের বাড়ির নির্মাণকাজও করেন তিনি। এই কাজের বেশ কিছু টাকা পাওনা রয়েছেন মুসা। সেই টাকা দাবি করছিলেন। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বাড়ির মালিক মৌসুমির সঙ্গে। বিল্লাল আরও জানান, সবশেষ সোমবার রাত ২টার দিকে মৌসুমির বাসায় গিয়ে তিনি অনেক সময় নিয়ে কথা বলেন। বলেন, ভাবি আমাকে মাফ করে দিয়েন। এরপরই সঙ্গে লুকিয়ে রাখা চাপাতি বের করে মৌসুমিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তখন মাকে বাঁচাতে যায় তিন সন্তান। তাদেরকেও আঘাত করা হয়। গাড়িচালক বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাসা থেকে সবাইকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তার মা মৌসুমির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মা এবং দুই ভাই-বোনকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন জয়া ও মৌসুমি। তাদের অবস্থা আশঙ্কাজনক।’ আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা তিনি জানান, হাসপাতালে শিশু মেহমেদ ঘাতক মুসাকে দেখিয়ে দেয়। যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিলেন ঢাকা মেডিকেলে। তখন তাকে ধরে পুলিশে সোপর্দ করে পরিবারের গাড়িচালক। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় নিহতের চাচা মামলা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো ঘটনা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Go to News Site