Somoy TV
লিওনেল মেসির সমালোচকদের এক হাত নিলেন বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার ও বার্সেলোনা কিংবদন্তি রিস্টো স্টইচকভ। যারা মেসির সাফল্যের ক্রেডিট নিতে চান তাদের সমালোচনা করে বলেন, তার প্রতিভা না থাকলে অন্যের সহযোগিতায় এত কিছু অর্জন সম্ভব হতো না। শুধু ফুটবলার নন, মানুষ হিসেবেও মেসির সরলতা ও সততার প্রশংসা করেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।নিন্দুকের কথায় কি বা আসে যায়। তবে পছন্দের কিংবা যোগ্য ব্যক্তিকে নিয়ে যখন কটু কথা হয় তখন তো মেনে নেয়া কঠিন। বিশ্বজুড়ে ভক্ত সমর্থকের অভাব নেই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির। প্রায় ২ দশক ধরে বিশ্বকে ফুটবল জাদুতে বুদ করে রেখেছেন আলবিসেলেস্তে তারকা। শুধু ভক্তরাই নয়, সাবেক ফুটবলার কিংবা বর্তমানরাও আছেন মেসির ভক্তের তালিকায়। নানা সময় ক্ষুদে জাদুকরকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় ভক্তদের। অকারণে এমন সমালোচনা মানতে পারছেন না বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার রিস্টো স্টইচকভ। এক পডকাস্টে মেসির সঙ্গে স্মৃতিচারণসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। আরও পড়ুন: ভুটানের ক্লাবে যোগ দিলেন তারিক কাজী বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার হলেও, তিনি বেশি সমাদৃত বার্সেলোনায় খেলে। লম্বা সময় কাতালান শিবিরে খেলেছেন। জিতেছেন ব্যালন ডি’অর। ১৯৯৪ বিশ্বকাপে তার দল ভালো করতে না পারলেও, ব্যক্তিগত নৈপুন্যে জিতেছিলেন সিলভার বল। বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে রিস্টোর সাক্ষাৎ ১৩ বছর বয়সে। যখন শৈশবে বেড়ে উঠছিলেন আর্জেন্টাইন তারকা, তখন তার সঙ্গে ছিলেন, পিকে, জাভি, ইনিয়েস্তারা। সে সময় অবশ্য ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন বুলগেরিয়ান ফুটবলার। শৈশবের মেসি থেকে বিশ্বকাপ জয়, নিয়মিত যোগাযোগ থাকায় তাকে দেখেছেন কাছে থেকে। ফুটবলার মেসির চেয়ে মানবিক মেসি বেশি নজর কেড়েছে রিস্টোকে। ‘সব সময় আমি মেসির সঙ্গে ছিলাম। সেটা মায়ামিতে, আর্জেন্টিনা কিংবা বার্সেলোনায়৷ একটা কথাই তার সম্পর্কে বলতে পারি। মেসি খুব ভালো মনের মানুষ। যার কোন ধরনের অহংকার নেই। অন্যের সহযোগিতায় সবার আগে পাওয়া যাবে তাকে।’ আরও পড়ুন: অপরাজিত থেকেই ফেডারেশন কাপের নকআউটে ব্রাদার্স ইউনিয়ন নানা সময় বিভিন্ন মাধ্যমে সমালোচনা করতে দেখা যায় মেসিকে নিয়ে। যা কষ্ট দেয় রিস্টোকে। এমনকি মেসির এই পর্যায়ে আসা পেছনেও অনেকে ক্রেডিট নিতে চান। যা সম্পূর্ণ সুবিধাবাদী কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ‘অনেক মানুষকে দেখা যায় যারা মেসির এই পর্যায়ে আসার পেছনে অবদানের ক্রেডিট নিতে চান। আমি তাদের বলবো মেসির যদি প্রতিভা না থাকতো, প্রকৃতি গিফট না হতো, সে পরিশ্রম না করতো তাহলে কি এতো দূর আসতে পারতেন। তাহলে আপনারা কি করেছেন তার পেছনে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। যারা নিজের লাভের জন্য তার নাম ব্যবহার করে তা করা উচিত নয়।’ আসন্ন বিশ্বকাপেও লিওনেল মেসি দারুণ কিছু করবে বলে প্রত্যাশা বার্সেলোনার সাবেক এই তারকার।
Go to News Site