Jagonews24
চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, একই সঙ্গে দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার মতো ইতিবাচক সংবাদও সমানভাবে প্রচার হওয়া উচিত ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন চিফ হুইপ। চিফ হুইপ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রধান লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা, একটি মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিচারব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, বহুভাষায় দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। মধ্যপ্রাচ্যে কাজের জন্য আরবি, চীনে কাজের জন্য মান্দারিন, ইতালিতে ইতালিয়ান, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানিজ ভাষা শেখা প্রয়োজন। পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। কারণ এটি একটি বৈশ্বিক ভাষা। শিক্ষামন্ত্রী সারাদেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে দেবেন। সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বর্তমানে এ বিষয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত সবাই ঐক্যমতে পৌঁছাবে বলে আশাবাদী। সম্মিলিতভাবেই সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে। তিনি আরও বলেন, মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে কাজ করা। সংসদকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার মাধ্যমে নীতিগত বিষয়গুলো সমৃদ্ধ করতে চায় সরকার। দেশপ্রেমের জায়গা থেকে সব পক্ষই ধীরে ধীরে ঐক্যমতে পৌঁছাবে— এটি এখন সময়ের ব্যাপার মাত্র। এমওএস/এমএএইচ/
Go to News Site