Somoy TV
মালয়েশিয়া সরকারের দেয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ এর আওতায় এ পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশি নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। গত বছরের ১৯ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে এখন পর্যন্ত নিবন্ধিত হয়েছেন মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন।বুধবার (১৫ এপ্রিল) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধিত বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশি প্রবাসীরা। মালয়েশিয়া ইমিগ্রেশনের রেকর্ড অনুযায়ী, এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজ দেশে ফেরার তালিকায় সবচেয়ে বেশি আছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা এবং এর ঠিক পরেই বাংলাদেশিদের অবস্থান। অনেক বাংলাদেশি কর্মী এই সুযোগ কাজে লাগিয়ে কোনো আইনি জটিলতা ছাড়াই দেশে ফেরার পথ বেছে নিয়েছেন। আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন চলতি মাসের শেষ দিকে এই প্রোগ্রামের মেয়াদ শেষ হতে যাওয়ায় বর্তমানে ইমিগ্রেশন অফিসগুলোতে প্রবাসীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মহাপরিচালক জানান, শুরুর দিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়সীমা ঘনিয়ে আসায় অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত প্রায় ১১৫ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। এদিকে অভিবাসন বিভাগ পিআরএম ২.০ কর্মসূচির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়া চললেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে।
Go to News Site