Somoy TV
তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। উপমহাদেশের কন্ডিশন কিউইদের জন্য পুরোপুরি নতুন না হলেও এখানকার পরিবেশ ও উইকেট এখনও কিছুটা চ্যালেঞ্জিং। তবে অতীতে বাংলাদেশ ও ভারত সফরের অভিজ্ঞতা থাকায় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই ধরনের উইকেটের সঙ্গে ভালোভাবেই পরিচিত। তা ছাড়া ‘এ’ দলের হয়ে আগে বাংলাদেশ সফর করা কয়েকজন খেলোয়াড়কেও এবার মূল দলে রাখা হয়েছে, যা সফরকারী দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে।সবশেষ পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল, তাই এই সিরিজেও দাপুটে পারফরম্যান্স দেখানোর লক্ষ্যই থাকবে টাইগারদের। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ডের দলে নিয়মিত প্রথম সারির কয়েকজন খেলোয়াড় না থাকলেও ‘এ’ দলের হয়ে ভালো করা বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার জায়গা পেয়েছেন স্কোয়াডে। তাদের সামর্থ্য রয়েছে যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার, আর অভিজ্ঞতার দিক থেকেও নিজেদের সেরাটা দিতে চাইবে সফরকারী দল। মাঠে নামার আগে প্রতিপক্ষ নিয়ে এমনই সতর্কতার বার্তা দিলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণকেও। আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নেয়ারাই পিএসএলে খেলতে আসে: আহমেদ শেহজাদ সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেছেন, ‘আসলে আমার মনে হয় বাংলাদেশ দলের দারুণ কিছু পেসার রয়েছে। তাদের মনে হয় স্পিন উইকেট বানানো দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান করে মাঠে তা কাজে লাগাতে হবে। আমাদের সুযোগ কিছুটা বাড়বে হয়তো। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবেলা করতেই হবে। ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা এখানকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি। যা পাবো তা-ই কাজে লাগাতে হবে।’ মাঝের ওভারগুলোতে স্পিনাররা কতটা প্রভাব ফেলতে পারবেন— এ প্রশ্নে এখনই কিছু ভাবতে চান কিউই কোচ। তার মতে, আগে থেকেই পরিকল্পনা চূড়ান্ত করে ফেলার চেয়ে ম্যাচের পরিস্থিতি ও কন্ডিশন বুঝেই সিদ্ধান্ত নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই বাস্তবতা অনুযায়ী কৌশল সাজিয়ে খেলতে চান রব ওয়াল্টার। ‘কন্ডিশন বুঝে খেলতে হবে। ম্যাচ শুরুর আগেই সব ঠিক রাখতে চাই না। ক্রিকেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। যদি মাঝের ওভারে স্পিনারদের দরকার হয় তারা তাদের কাজ করবে। সবার আগে কন্ডিশন বুঝতে হবে এবং সেভাবে মানিয়ে নিয়ে যতটা ভালোভাবে সম্ভব রেসপন্স করতে হবে।’ আরও পড়ুন: দেড় বছরে তিনবার সভাপতি বদল— এতটুকুও অবাক হননি সিমন্স টাইগার পেসার নাহিদ রানার প্রশংসা করেছেন কিউই কোচ রব ওয়াল্টার। তার চোখে, এই তরুণ গতিময় বোলার প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন যেকোনো সময়। তাই নাহিদের গতি সামলাতে নিজেদের ব্যাটারদের জন্য বিশেষ পরিকল্পনাও সাজিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার উইল ও’রউর, তাকে নিয়েও দারুণ রোমাঞ্চিত ওয়াল্টার। তিনি বলেছেন, ‘সবার আগে ও’রউকের মতো একজনকে ফিরে পাওয়া অসাধারণ ব্যাপার। অনেক দিন সে চোটের কারণে দলের বাইরে ছিল। আমরা তার কোয়ালিটি সম্পর্কে জানি। লম্বা একজন পেসার। সে অনেক দিন বাইরে ছিল। আমরা সবাই দারুণ রোমাঞ্চিত এবং সম্ভবত সে নিজে সবচেয়ে বেশি রোমাঞ্চিত অনেক দিন পর নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে।’ শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
Go to News Site