Somoy TV
চব্বিশের জুলাই-আগস্টের বিপ্লব সঠিক কি না, আদালত এই কথা বলতে পারেন কি না জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। শিশির মনির বলেন, ‘বিএনপি এখন আদালতের দোহাই দিচ্ছে। বিপ্লব সঠিক না- এই কথা কি আদালত বলতে পারেন?’ তিনি বলেন, ‘আমরা বলেছিলাম গণভোট হবে। এরপর ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে। এরপর তা অটোমেটিক আইন হবে। কোনো আদালতে প্রশ্ন হবে না। তারা ভিন্ন পথে গেছে। তারা পঞ্চম সংশোধনীর পথে এগোচ্ছে।’ বিএনপির বুদ্ধিগত দেউলিয়াপনা রয়েছে অভিযোগ করে এই আইনজীবী বলেন, ‘নকল করে অভ্যস্ত বিএনপি। এজন্য পঁচাত্তর থেকে ঊনআশি পর্যন্ত যা ঘটেছে তারই অনুকরণ করছে তারা। এই ওলট-পালটের উপায় ছিল সংবিধান সংস্কার পরিষদ।’ বিএনপি সংবিধানের ফোর্থ সিডিউলে একটা অংশ যোগ করে একটা সময়ের ইনডেমনিটি দিতে চাচ্ছে বলেও মন্তব্য করেন শিশির মনির। আরও পড়ুন: সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘বিএনপি এর আগে দুবার দেশকে সংকটে ফেলেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গিমিক করা বাদ দেন। দেশের সব জায়গায় আপনারা ফেইল করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বলেই শুধু এসব করছেন।’ বাজেট ইস্যুতে সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা বাজেট বাড়ানোর কথা বলছেন। কিন্তু টাকা কোথা থেকে আসবে তা কি ভেবেছেন? দেশের মানুষ রাস্তায় নামছে না বলে ভেবে নিয়েন না তারা রাস্তায় নামবে না।’ তুষার আরও বলেন, ‘বিসিবিতে আপনারা যে কাণ্ড করেছেন, তা অগ্রহণযোগ্য। নেপোকিডদের জন্য এটা এখন বাপের দোয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জেন আলফা দেখলো- বিএনপি সামান্য বিসিবিকে ছাড়তে চায় না।’ ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ধোকাবাজি করে আরেকটি গণ-আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছে৷ পল্টনে হামলা হয়েছে বাসসের ওপর, কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর ওপর মব হয়েছে। কুষ্টিয়ায় মব হয়েছে অথচ সরকার বলছে মবের সংস্কৃতি ধ্বংস হয়েছে।’
Go to News Site