Collector
বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা | Collector
বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
Somoy TV

বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিমল ট্রেডার্সের বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও মালিক স্বপন চন্দ্র মন্ডল প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করেন। বিক্রির পর অবশিষ্ট ২ হাজার ৫০০ লিটার ডিজেল গোপনে মজুত করে রাখা হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।স্থানীয় কৃষক আরব আলী বলেন, 'তেলের অভাবে আমরা জমিতে সেচ দিতে পারছিলাম না। অথচ দোকানে তেল মজুত রেখে আমাদের কাছে বেশি দাম চাওয়া হচ্ছিল। প্রশাসনের অভিযানে আমরা ন্যায্যমূল্যে তেল পেয়েছি।'আরও পড়ুন: তেল-গ্যাস মজুতের দায়ে বরিশালে তিন ব্যবসায়ীকে জরিমানাসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, জব্দ করা ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Go to News Site