Somoy TV
নেত্রকোনার মদনে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের দশ আশিগ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া এবং একই জেলার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া। আরও পড়ুন: মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বুধবার অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পলাশ ও টিটুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৮০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Go to News Site