Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। যাচ্ছে সোনা, আসছে মাদক - দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় সোনা ও মাদকদ্রব্যের বিনিময় বাণিজ্য রমরমা হয়ে উঠেছে। একদিকে পাচার হচ্ছে সোনা, অন্যদিকে দেশে ঢুকছে সর্বনাশা মাদকদ্রব্য। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই বিনিময় বাণিজ্য চলছে। সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, তাদের জোরালো নজরদারি ও পদক্ষেপে কমে এসেছে পাচার।কৌশলে মোকাবিলা করবে বিএনপি - দৈনিক যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের আন্দোলনকে এখনো ততটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে না ক্ষমতাসীন দল বিএনপি। তাই এ প্রশ্নে পালটাপালটি বা কঠোর অবস্থানে না গিয়ে বিষয়টি ‘কৌশলে’ মোকাবিলা করার পক্ষে দলটি। বিশেষ করে বাদ পড়া ১৬টি অধ্যাদেশ সংসদে আবার উপস্থাপন করে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করে জনমনে দলের ইতিবাচক অবস্থানও স্পষ্ট করবে বিএনপি। দলটি মনে করে, ১৬টি অধ্যাদেশ নিয়ে মাঠ গরম করে বিরোধী দলগুলো পক্ষান্তরে বিএনপির জনপ্রিয়তা কমাতে চায়। তাই যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত বিল সংসদে এনে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।জ্বালানির চাপ, বাড়ছে লোডশেডিং - দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটে বিশ্ব জুড়ে ত্রাহি অবস্থা। এর রেশ পড়ছে দেশেও। যানবাহনে প্রয়োজনীয় জ্বালানি দিতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। গ্রীষ্মকাল শুরু হওয়ায় বাড়ছে বিদ্যুতের চাহিদা। বাড়তি এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ওপর নতুন করে চাপ বাড়বে। প্রয়োজনীয় জ্বালানি মজুত না থাকলে লোডশেডিং বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে অনেক এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গ্যাসের ঘাটতি ও বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় বিদ্যুৎ খাতের কর্মকর্তারা আশঙ্কা করছেন। চাহিদার সর্বোচ্চ সময় অর্থাৎ পিক আওয়ারে দুই হাজার মেগাওয়াট লোডশেডিং হতে পারে। পরিস্থিতি মোকাবিলায়, বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুতের ব্যবহার কমাতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবছে সরকার। রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই হাসিনার - দৈনিক মানবজমিনের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই শেখ হাসিনার। তাই তিনি কাতার যাওয়াসহ সব প্রস্তাবই নাকচ করে দিচ্ছেন। মানবজমিন জানতে পেরেছে পরিশোধিত আওয়ামী লীগ গড়তে দু’টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। হাসিনা দুই প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল। তবে হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না। যেতে চান না কাতারে। তিনি মনে করেন, কাতার যাওয়ার মানে হচ্ছে- নেতৃত্ব ছেড়ে দেয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিতও দিচ্ছে যে, হাসিনাকে বলা হয়-তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ। প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্যদেশে আশ্রয়রত। কর্মীদের বেশির ভাগই এখনো পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা-তদবিরও নেই। ডিসি নিয়োগের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন - দৈনিক সমকালের প্রধান শিরোনাম এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেয়া হয়নি। শুধু টেলিফোন করে ডেকে এনে দুই ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য প্রায় ৯০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। প্রচলিত নিয়ম হলো-জেলা প্রশাসক নিয়োগের তালিকা (ফিটলিস্ট) তৈরির জন্য প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ব্যাচভিত্তিক সাক্ষাৎকার নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে চিঠি দিয়ে ডাকা হবে। সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য সময়ও দেয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হামের চিকিৎসার খরচে দিশাহারা অভিভাবকেরা - দৈনিক প্রথম আলোর প্রধান খবর এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘আমার কলিজার টুকরো সন্তান ফালাক ঘুমিয়ে গেছে। আর ফিরবে না’-কুষ্টিয়া সদরের মুদিদোকানি মো. সাকিবুর রহমান গত সোমবার ফেসবুকে এভাবেই হামে ছেলের মৃত্যুসংবাদ জানিয়েছেন। ফালাকের পুরো নাম মোহাম্মদ নোমান ফালাক। বয়স হয়েছিল মাত্র আট মাস। সে গত ২৫ মার্চ থেকে ভর্তি ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে দুই দিন রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ভর্তি করা হয়েছিল। দুই দিনেই কুষ্টিয়া থেকে যাতায়াতসহ মোট খরচ হয়েছিল ৫০ হাজার টাকা। খরচের কথা চিন্তা করে তার বাবা ফালাককে আবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গ্রামে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না - দৈনিক সমকালের প্রথম পাতায় প্রকাশিত আরেকটি সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের ভোগান্তি বেড়েছে। তবে শহরে তুলনামূলক কম লোডশেডিং হচ্ছে-এক থেকে দেড় ঘণ্টা। গ্রামে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে লোডশেডিং তুলনামূলক বেশি। ঢাকা ও চট্টগ্রামের পরিস্থিতি সহনীয়। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের যাওয়া-আসায় পল্লি মানুষের জীবনে নেমে এসেছে ভয়ানক দুর্ভোগ। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থদের ভোগান্তির যেন শেষ নেই। বাধাগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প, বাণিজ্য। সরকারি তথ্যমতে, লোডশেডিং দুই হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। গ্যাস ও জ্বালানি তেলের চলমান সংকটের সঙ্গে যোগ হয়েছে কয়লার স্বল্পতা। এতে বড় কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে দিনে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম আসছে। এছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আসা বন্ধ রয়েছে। ফলে উৎপাদন সক্ষমতা চাহিদার দ্বিগুণ হলেও ঘাটতি মেটাতে সরকার হিমশিম।
Go to News Site