Somoy TV
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। এই সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।ভোলা সফরের পথে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বরিশাল সার্কিট হাউজে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং সময় সংবাদের সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। স্পিকার বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি, সমৃদ্ধি কিংবা স্থিতিশীল অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে, যা দেশের জন্য একটি ইতিবাচক দিক।’ বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। আমরা আশা করি, এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।’ আরও পড়ুন: দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।’ বর্তমান সময়ে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিহাস বলে, যখনই দেশে স্বৈরাচার এসেছে, তখনই ছাত্র-যুবকরা রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সেই দিক বিবেচনায় রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্পিকার বরিশালে কাটানো তাঁর শৈশবের নানা স্মৃতিচারণ করেন। মতবিনিময় শেষে তিনি ভোলার উদ্দেশে রওনা দেন।
Go to News Site