Somoy TV
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই পর্যটক সাদা পাহাড় এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। আরও পড়ুন: নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘সাদা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক খবর পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারী দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’
Go to News Site