Somoy TV
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে অনুষ্ঠিত এক ধর্মীয় উপাসনা সভায় কোয়েন্টিন টারান্টিনোর কাল্ট চলচ্চিত্র পাল্প ফিকশন’ (Pulp Fiction) এর কিছু সংলাপ পড়েছেন, যেগুলো ভুলভাবে বাইবেলের উদ্ধৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল।স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সরকারের এই গুরুত্বপূর্ণ দফতরে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি প্রার্থনার অংশ পাঠ করেন। বিষয়টি প্রথম প্রকাশ করে ওয়ার্ডঅ্যান্ডওয়ে সংবাদমাধ্যম। হেগসেথ জানান, এই প্রার্থনা তাকে একজন শীর্ষ মিশন পরিকল্পনাকারী দিয়েছেন, যিনি সম্প্রতি ইরানে গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হওয়া দুই মার্কিন বিমানবাহিনীর ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানে যুক্ত ছিলেন। হেগসেথ জানান, এটি ‘সিএসএআর ২৫১৭’ নামে পরিচিত, যা বাইবেলের ইজেকিয়েল ২৫:১৭ অধ্যায়ের ইঙ্গিত বহন করে। প্রার্থনার এক অংশে তিনি বলেন, ‘ভূপাতিত পাইলটের পথ চারদিক থেকেই স্বার্থপরতা ও দুষ্ট মানুষের অত্যাচারে বেষ্টিত।’ মার্কিন প্ররিক্ষামন্ত্রী বলেন, ‘ধন্য সেই ব্যক্তি, যে সহযোদ্ধা ও দায়িত্ববোধের নামে অন্ধকারের উপত্যকা পেরিয়ে হারিয়ে যাওয়াদের পথ দেখায়, কারণ সে সত্যিই তার ভাইয়ের রক্ষক এবং হারিয়ে যাওয়া শিশুদের সন্ধানদাতা।’ আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, স্বীকার করলেন হেগসেথ তিনি আরও বলেন, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও তীব্র ক্রোধ নিয়ে আঘাত হানব, যারা আমার ভাইকে আটকাতে ও ধ্বংস করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে। আমি যখন তোমার ওপর আমার প্রতিশোধ নেব, তখন তুমি জানবে আমার কল সাইন হলো ‘স্যান্ডি ১’ এবং আমিন। প্রার্থনার প্রথম অংশটি লিখেছিলেন কোয়েন্টিন টারান্টিনো ও রজার অ্যাভারি, যা জনপ্রিয় চলচ্চিত্র পাল্প ফিকশন-এর জন্য তৈরি করা হয়েছিল। দ্বিতীয় অংশটি বাইবেল থেকে নেয়া, যেখানে ফিলিস্তিনিদের এবং চেরেথিমদের নিন্দা করেন, যাদের ইসরাইলিদের শত্রু হিসেবে উল্লেখ করা হয়। পাল্প ফিকশন চলচ্চিত্রে স্যামুয়েল এল জ্যাকসনের চরিত্র ভুলভাবে দাবি করে যে, পুরো উদ্ধৃতিটি বাইবেলের ইজেকিয়েল ২৫:১৭ থেকে নেয়া। পরে তিনি একজন তরুণ অপরাধীকে হত্যার আগে এই এটি পাঠ করেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সাবেক ফক্স নিউজ উপস্থাপক হেগসেথ তার সরকারি কর্মকাণ্ডে খ্রিস্টধর্মকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরছেন। পেন্টাগনে নিয়মিত চার্চ সার্ভিস বা ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করছেন, যা অনেকের প্রশংসা পেলেও একইসঙ্গে বিতর্কও সৃষ্টি করেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ সামরিক অভিযানকে তিনি ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে উপস্থাপন করায় সমালোচনা বাড়ছে। এ মাসের শুরুতে পেন্টাগনে আরেকটি প্রার্থনা সভায় তিনি বলেন, ‘যারা কোনো দয়া পাওয়ার যোগ্য নয়, তাদের বিরুদ্ধে প্রবল সহিংস পদক্ষেপ নেয়া উচিত। আরও পড়ুন: ইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তিনি আরও বলেন, ‘ন্যায়ের শত্রু ও আমাদের মহান জাতির বিরুদ্ধে প্রতিটি গুলি যেন লক্ষ্যভেদ করে। তাদের (মার্কিন বাহিনীকে) প্রতিটি সিদ্ধান্তে জ্ঞান দাও, সামনে আসা পরীক্ষার জন্য সহনশীলতা দাও, অটুট ঐক্য দাও এবং যারা কোনো দয়ার যোগ্য নয় তাদের বিরুদ্ধে প্রবল সহিংস পদক্ষেপের শক্তি দাও।’ সামরিক বাহিনীর চ্যাপলিন কর্পস বা ধর্মীয় উপদেষ্টা ইউনিটে পরিবর্তনের কথা জানানোর একদিন পর হেগসেথের এই মন্তব্য আসে। তিনি দাবি করেন, এটি ‘রাজনৈতিক শুদ্ধতা ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদের দ্বারা সংক্রমিত’ হয়ে পড়েছে। কয়েক বছর ধরে হেগসেথ ‘কংগ্রেগেশন অব রিফর্মড ইভানজেলিক্যাল চার্চেস’ নামের একটি চার্চের সদস্য। এটি ডগ উইলসন প্রতিষ্ঠা করেছেন। উইলসন নিজেকে খ্রিস্টান জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন। ৪৫ বছর বয়সি হেগসেথ সম্পর্কে জানা যায়, তার বাহুতে আরবি শব্দ ‘কাফির’ ট্যাটু করা আছে—যার অর্থ এমন ব্যক্তি, যে জেনে-শুনে মৌলিক ধর্মীয় সত্য অস্বীকার বা গোপন করে। এছাড়া তার বুক ও বাহুতে ক্রুসেডারদের প্রতীকও ট্যাটু রয়েছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই
Go to News Site