Jagonews24
কুমিল্লার হোমনায় অটোরিকশাযোগে বাবার বাড়ি যাওয়ার পথে দম্পতির গতিরোধ করে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাতে দুজন অটোরিকশাযোগে বাবার বাড়ি তিতাসে যাচ্ছিলেন। হোমনা কৃষি কলেজ সংলগ্ন এলাকায় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার সঙ্গে থাকা কয়েকজন তাদের পথরোধ করেন। এসময় দম্পতিসহ অটোরিকশাটিকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এসময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
Go to News Site