Collector
মধ্যরাতে উড়াল দেবে প্রথম হজ ফ্লাইট, এয়ারলাইন্সগুলোতে বিশেষ প্রস্তুতি | Collector
মধ্যরাতে উড়াল দেবে প্রথম হজ ফ্লাইট, এয়ারলাইন্সগুলোতে বিশেষ প্রস্তুতি
Somoy TV

মধ্যরাতে উড়াল দেবে প্রথম হজ ফ্লাইট, এয়ারলাইন্সগুলোতে বিশেষ প্রস্তুতি

এবার বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে দুই শতাধিক হজ ফ্লাইট। আজ শুক্রবার মধ্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। প্রথম দিনে তিনটি এয়ারলাইন্স মিলে মোট ১০টি ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ বিমান। পাশাপাশি যাত্রীসেবায় সর্বোচ্চ মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার প্রায় ২১৩টি ফ্লাইটে হজযাত্রীরা পবিত্র মক্কার উদ্দেশে যাত্রা করবেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে উদ্বোধন হবে হজের প্রথম ফ্লাইট। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইট। প্রথম দিন বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস; এই তিনটি এয়ারলাইন্স মিলিয়ে মোট ১০টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, সাউদিয়া ও ফ্লাইনাসের ৩টি করে ফ্লাইট থাকবে। এসব ফ্লাইটে যাত্রীরা জেদ্দা ও মদিনায় পৌঁছাবেন। প্রি-হজ ফ্লাইটের মোট ২১৩টির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০৮টি ফ্লাইটে প্রায় ৪০ হাজার যাত্রী। বাকি ৭০টি ফ্লাইট পরিচালনা করবে সাউদিয়া এবং ৩৫টি ফ্লাইনাস। আরও পড়ুন: এ বছর হজ পালনে যাচ্ছেন ৭৮,৫০০ জন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, আমাদের হজ ক্যাম্প প্রস্তুত। সেখানে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। প্রয়োজন অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট থেকেও জনবল আনা হয়েছে। এদিকে প্রতি বছর ফ্লাইট শিডিউলে কিছু পরিবর্তনের কারণে হজ ক্যাম্পে কিছুটা ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। চলতি বছর এ সমস্যার সমাধানে আরও ভালো ব্যবস্থাপনার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজউদ্দিন বলেন, হজ অপারেশনে গত বছরও বিমান সফলভাবে কার্যক্রম পরিচালনা করেছে। কিছু অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে বিমান নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। হজ ব্যবস্থাপনায় কিছু উদ্ভাবনী উদ্যোগ নেয়ার সুযোগ আছে, যা ভবিষ্যতে আরও উন্নত করা সম্ভব। ২০২৬ সালে বাংলাদেশ থেকে হজ পালনে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। প্রি-হজ ফ্লাইট শেষ হবে ২১ মে।

Go to News Site