Somoy TV
কক্সবাজারের রামুতে এনজিওর ঋণ নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম ইসমত হোসাইন তাকিব (২৯)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মোহাম্মদ মহসিনের ছেলে। তাকিব দীর্ঘদিন ধরে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের ভাড়া বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ স্থানীয়দের বরাতে জানান, এনজিও থেকে নেয়া ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে তাকিবের সঙ্গে তার স্ত্রী রুবায়েত সারমিন মনিরার মতবিরোধ চলছিল। এর জেরে বুধবার (১৫ এপ্রিল) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিবাদের একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা তাকিবকে দীর্ঘসময় ধরে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’ আরও পড়ুন: রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য তিনি আরও জানান, ‘বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তাকিব আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এদিকে স্থানীয়রা জানিয়েছেন, তাকিব বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটু নজর দিন: আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।
Go to News Site