Collector
শিশুর মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ | Collector
শিশুর মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
Somoy TV

শিশুর মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক কন্যাশিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের পর গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী ওই শিশুর নাম আতিকা। সে স্থানীয় দুদুল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে আতিকা নিখোঁজ হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে পোস্ট দেয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গায়ে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আরও পড়ুন: যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই স্থানীয় জনতা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Go to News Site