Jagonews24
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামির ২ দিন পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমোদন দিয়েছে কুষ্টিয়া আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাদীপক্ষ আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়ার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকিটা আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে। থানা সূত্রে জানা গেছে, প্রধান আসামিকে (ফজলু) গ্রেফতার দেখানোর পরপরই ৭ দিনের জন্য জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়েছিল। এরপর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইদিন চ্যালেঞ্জ নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে খুন হন। এসময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের দিন হাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে শিক্ষিকা রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামি— সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এখনো অধরা রয়েছে। ইরফান উল্লাহ/এনএইচআর/জেআইএম
Go to News Site