Somoy TV
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তসংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের একটি কয়লা কোয়ারিতে ধসের ঘটনায় মজিবুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কয়লা উত্তোলনের সময় হঠাৎ কোয়ারির ভেতরে উপর থেকে কয়লা ধসে পড়ে। এতে মজিবুর গর্তের ভেতরে আটকা পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দ্রুত বের হতে পারলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সহকর্মীরাই তার মরদেহ উদ্ধার করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মজিবুর রহমান উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। গত রোববার বালিয়াঘাট সীমান্তের ৯৬/৭-এস পিলার এলাকা দিয়ে তিনি কয়েকজন শ্রমিকের সঙ্গে কাজের উদ্দেশ্যে মেঘালয়ের নকলাম এলাকায় প্রবেশ করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সীমান্তের ভেতর থেকে মরদেহ নিয়ে এসে সন্ধ্যার দিকে লালঘাট গ্রামের শ্বশুর আব্দুল হাসেমের বাড়িতে পৌঁছান। পরে রাত ৮টার দিকে তাহিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আরও পড়ুন: জীবিকার খোঁজে মেঘালয়ের ‘মৃত্যুকূপে’ সুনামগঞ্জের মানুষ স্থানীয়দের অভিযোগ, বালিয়াঘাট সীমান্ত দিয়ে লাকমা গ্রামের হোসেনসহ কয়েকজন ব্যক্তি নিজেদের বিজিবি সোর্স পরিচয় দিয়ে অসাধু চক্রের সহায়তায় নিয়মিত অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করে কয়লা উত্তোলনের কাজে যুক্ত হচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজে অংশ নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লার কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site