Somoy TV
কাপাসিয়া উপজেলার আন্তঃউপজেলা বাস ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের প্রেক্ষিতে অবশেষে আংশিক হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। নতুন ভাড়া বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।জানা যায়, পার্শ্ববর্তী এলাকার তুলনায় কাপাসিয়া রুটে ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। বিষয়টি সমাধানে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী প্রথমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরণাপন্ন হন। প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে সরাসরি সড়ক ও পরিবহনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী জানান, জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি, কাপাসিয়া সেতুর টোল, সড়কে বিশৃঙ্খল পরিবেশ, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের অনিয়ম ভাড়া কমানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও যাত্রীদের স্বস্তি দিতে আলোচনার মাধ্যমে আংশিক ভাড়া কমানো সম্ভব হয়েছে।আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্য কমায় বাস ভাড়া কমানোর দাবিনতুন নির্ধারণ অনুযায়ী, গাজীপুর-টোক রুটে অনন্যা ক্লাসিক পরিবহনের ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা, অনন্যা পরিবহনের ভাড়া ১৯০ টাকা থেকে ১৫০ টাকা এবং জলসিঁড়ি পরিবহনের ভাড়া ১৭০ টাকা থেকে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।সালাউদ্দিন আইউবী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই কাপাসিয়ার অসঙ্গতি, অব্যবস্থাপনা দূর করে উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে নিরাপদ ও উন্নত কাপাসিয়া গড়তে চাই।এদিকে সংশোধিত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে টিকিট পুনর্মুদ্রণের কাজ চলছে। আপাতত পুরোনো টিকিটে বিশেষ সিল ব্যবহার করে নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে।
Go to News Site