Somoy TV
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক মালয়েশীয় নাগরিকসহ আটজন প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।স্থানীয় এয়ারলাইন্স কোম্পানি ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’র হেলিকপ্টারটি গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিধ্বস্ত হয়। দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এটি। ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক লুকমান এফ. লাইসা এক বিবৃতিতে জানান, হেলিকপ্টারটিতে আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক। উদ্ধারকারী সংস্থার প্রধান আই মাদে জুনেত্রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খাড়া ঢালু ও ঘন জঙ্গল এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়। দুর্ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করে বর্তমানে প্রাদেশিক রাজধানী পনতিয়ানাকে পাঠানো হয়েছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়া যাতায়াতের জন্য আকাশপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও দেশটির বিমান নিরাপত্তার রেকর্ড বেশ উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তান এবং পাপুয়া জেলায় পৃথক দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারান।
Go to News Site