Collector
বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার | Collector
বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার
Jagonews24

বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার

বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপার এমরুল কায়েসকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, ২০১৮ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালনকালে এমরুল কায়েসের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ ওঠে। ওই সময়কার ঘটনার জের ধরে চলতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। ফলে হল সুপার এমরুল কায়েসকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম হান্নানুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১৫ এপ্রিল থেকে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এ উপজেলায় ৪৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃত্তি পরীক্ষায় এমরুল কায়েসকে হল সুপারের দায়িত্ব দিয়ে ধুনট সরকারি নইম উদ্দিন পালইট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়োজিত করেন। পরীক্ষার প্রথম দিন ১৫ এপ্রিল দায়িত্ব পালনের ৩০ মিনিট পর শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ফলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এমরুল কায়েসকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস বলেন, ‌‘কতিপয় শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। শিক্ষা অফিস থেকে হল সুপারের দায়িত্ব পালনের নিয়োগপত্র এবং আমাকে প্রত্যাহার করে নেওয়ার কোনো পত্র আমাকে দেওয়া হয়নি।’ এসআর/এএসএম

Go to News Site