Somoy TV
নারায়ণগঞ্জ শহরে সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর আল আমিন ও ইব্রাহিম নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে শহরের জল্লারপাড় এলাকার সিটি পার্ক লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। জানা গেছে, নিহত দুই ভাই সদর উওজেলার ফতুল্লা থানাধিন কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক শাহ আলমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামে। নিহতদের মধ্যে আল আমিনের বয়স ১০ বছর এবং তার ছোট ভাই ইব্রাহিমের বয়স ৮ বছর। মরদেহগুলো উদ্ধারের বিষয়টি সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। আরও পড়ুন: একসঙ্গে জন্ম, একসঙ্গেই মৃত্যু ২ ভাইয়ের এলাকাবাসি ও স্বজনরা জানান, বিকেলে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুজির পর লেকের পাশে পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার করেন। এসময় স্থানীয়রা দ্রুত পানিতে নেমে খোঁজাখুজি করে প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমের নিথর দেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে আহাজারি করেন স্বজনরা। আরও পড়ুন: যশোরে কামরুজ্জামান হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। লেকের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Go to News Site