Somoy TV
দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চার অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আরও পড়ুন: সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
Go to News Site