Somoy TV
আগামী মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে।বাংলাদেশ সফরের টেস্ট দলে জায়গা পাওয়া চার আনক্যাপড ক্রিকেটার হলেন–আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজী ঘোরি। এদের মধ্যে শুধু ঘোরিরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তিনি গত মাসে মিরপুরে বাংলাদেশের একটি ওয়ানডে খেলেছিলেন।দলের অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ। তবে এবার কোচিং স্টাফে এসেছে বড় পরিবর্তন। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ বাংলাদেশ সিরিজে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ এবং ওমর গুল বোলিং কোচ হিসেবে থাকবেন।সরফরাজ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে পাকিস্তানের অধিনায়ক ছিলেন। এ বছর তিনি পাকিস্তান শাহিনস দলের মেন্টর/ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।বর্তমানে ঘোষিত স্কোয়াডের পাঁচজন ক্রিকেটার–আজান আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলি ও সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলমান লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, যেসব খেলোয়াড়ের দল এখনও এবারের পিএসএলে টিকে আছে তাদের বাদে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্পে যোগ দেবেন। এই ক্যাম্প চলবে ১ মে পর্যন্ত। পরে দল ২ মে বাংলাদেশে আসবে। আর যাদের দল পিএসএল ফাইনালে উঠবে, তারা ৩ মে ফাইনালের পর সরাসরি বাংলাদেশে যোগ দেবেন।দুই ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা (৮-১২ মে) এবং সিলেট (১৬-২০ মে)।বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান টেস্ট স্কোয়াড:শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
Go to News Site