Somoy TV
ইংলিশ ফুটবলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শেফিল্ড ওয়েন্সডে। আর্থিক জটিলতা ও প্রশাসনিক সংকটে জর্জরিত ক্লাবটি এবার আরও বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে।ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) সূত্রে জানা গেছে, ঋণ সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণে আগামী মৌসুমের শুরুতেই ১৫ পয়েন্ট কেটে নেওয়া হতে পারে শেফিল্ড ওয়েন্সডের। এর আগে চলতি মৌসুমেই ১৮ পয়েন্ট কাটা পড়ায় দলটির অবনমন নিশ্চিত হয়ে গেছে। ৪২ ম্যাচ শেষে মাইনাস ৪ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে তারা। ক্লাবটি কিনতে আগ্রহী বিনিয়োগকারী ডেভিড স্টর্চ সতর্ক করেছেন, এই শাস্তি কার্যকর হলে ২০ মিলিয়ন পাউন্ডের টেকওভার চুক্তি ভেস্তে যেতে পারে। স্টোর্চের প্রস্তাব অনুযায়ী, ক্লাবের অনিরাপদ ঋণদাতারা প্রতি পাউন্ডে মাত্র ৬ পেন্স ফেরত পাবেন। কিন্তু ইএফএলের নিয়ম অনুযায়ী অন্তত ২৫ পেন্স ফেরত না দিলে ১৫ পয়েন্ট কাটা বাধ্যতামূলক। এই সংকটের বড় অংশ জুড়ে আছেন সাবেক মালিক ডেজফোন চ্যানসিরি। ক্লাবের বড় অঙ্কের ঋণ এখনো তার কাছেই রয়েছে, যা পুনর্গঠন বা কমাতে তিনি রাজি হননি বলে অভিযোগ। এ বিষয়ে স্টোর্চ বলেন, ‘আমরা বারবার আলোচনার চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি।’ আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের ১২ ডলারের পথের ভাড়া ১৫০ ডলার, ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা শুধু আর্থিক সমস্যা নয়, ক্লাবের অবকাঠামো পরিস্থিতিও উদ্বেগজনক। পর্যাপ্ত পানির অভাব, মৌলিক স্যানিটেশনেও সমস্যা, বিদ্যুৎ সরবরাহে ঘাটতি; সব মিলিয়ে জরুরি সংস্কারে প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ। স্টোর্চ দাবি করেন, এই সমস্যাগুলো বহুদিন ধরেই ছিল, কিন্তু এখন স্বল্প সময়ে তা সমাধানের চাপ দেওয়া হচ্ছে। এই শাস্তিকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে স্টোর্চ স্বাধীন সালিশির দাবি তুলেছিলেন, এমনকি আইনি খরচ বহনের প্রস্তাবও দেন। তবে ইএফএল তা নাকচ করেছে। সমর্থকদের নিয়ে #FairDealForWednesday হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও শুরু হয়েছে। আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আর্সেনালের সাবেক গোলকিপারের খেলোয়াড় সংকট, অবনমন, আর্থিক দেনা; সব মিলিয়ে শেফিল্ড ওয়েন্সডের সামনে অপেক্ষা করছে কঠিন সময়। নতুন মালিকানা চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান বাস্তবতায়, ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবটি হয়তো ইতিহাসের অন্যতম কঠিন মৌসুমের মুখোমুখি হতে যাচ্ছে।
Go to News Site