Somoy TV
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত নির্মাণাধীন চার লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে।শনিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার বটতলী এলাকায় চার লেন প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সড়কটিকে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে।’ মন্ত্রী বলেন, ‘জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি ছিল এই চার লেন প্রকল্পের। নানা কারণে প্রকল্পের কাজ শুরু করা হয়নি।’ সড়কটি অনেক বেশি ব্যস্ততম হওয়ায় এটিকে চার লেনের পরিবর্তে ছয় লেনে উন্নীত করা গেলে আরও ভালো হতো বলেও মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী। এ সময় চার লেন প্রকল্পের চলমান কাজের গুণগত মান ঠিক রাখতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: সরকারি দল ও বিরোধীদল অন্যায়কে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে: পানিসম্পদ মন্ত্রী সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৬০ ফুট প্রস্থের চার লেন প্রকল্পের এই সড়কের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৫০ কোটি টাকা। ‘তাহের ব্রাদার্স’ ও ‘এম এইচ রহমান’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। মন্ত্রীর পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ আরও অনেকে।
Go to News Site