Collector
জেএসডিএ-ডিবিএ চুক্তি: পুঁজিবাজারে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত | Collector
জেএসডিএ-ডিবিএ চুক্তি: পুঁজিবাজারে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত
Jagonews24

জেএসডিএ-ডিবিএ চুক্তি: পুঁজিবাজারে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত

বাংলাদেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো জাপানের একটি শীর্ষ সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে। দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, সুশাসন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএ’র চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সঙ্গে এটিই ডিবিএ’র প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তির আওতায় উভয় সংস্থা পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর মধ্যে রয়েছে- পুঁজিবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা ও নীতিমালা উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালীকরণ, আর্থিক লেনদেন পদ্ধতির আধুনিকায়ন, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও প্রয়োজন অনুযায়ী উভয় সংস্থা পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে বলে জানা গেছে। চুক্তি প্রসঙ্গে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএ’র মতো অভিজ্ঞ একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ দেশের পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে। ফলে বাজার আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে এবং এর সুফল ভোগ করবেন সংশ্লিষ্ট সব অংশীজন। চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। জেএসডিএ কর্তৃক গঠিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এ ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নিয়ে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এমএএস/ইএ

Go to News Site