Jagonews24
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী নৌপরিবহন সম্পূর্ণরূপে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে কুপার বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে আছি, যেখানে এখন একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু এই প্রণালি দিয়ে এখনো স্বাভাবিক চলাচল শুরু হয়নি। তিনি বলেন, এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে পরিণত করতে হবে এবং বিশ্ব অর্থনীতির জন্য এই জলপথ দিয়ে নৌপরিবহন পুনরায় চালু করা জরুরি। এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার। তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধু আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে। এদিকে খাতাম আল-আম্বিয়ার সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর বিধিনিষেধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। টিটিএন
Go to News Site