Jagonews24
প্রাক্তন ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য জায়ান মালিক। জনপ্রিয় এই বৃটিশ গায়ক নিজের হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়ে জানান, তিনি হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন, যুক্তরাজ্যের কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। ছবিটি প্রকাশের পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে ছবির সঙ্গে তিনি ভক্তদের উদ্দেশে একটি বার্তাও লেখেন। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানান। জায়ান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য আপডেট দেন। নিজের অ্যাকাউন্টের স্টোরিজ বিভাগে তিনি লেখেন, তিনি অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও লেখেন, এই সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় তিনি ভীষণভাবে দুঃখিত। তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থন ছাড়া তিনি আজকের অবস্থানে আসতে পারতেন না। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট, প্রশাসনিক কর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, তারা সবাই অসাধারণ এবং তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে গায়ক ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করেননি। শুধু ‘কার্ডিওলজিস্ট’ শব্দের উল্লেখ থাকায় ভক্তদের মধ্যে হৃদযন্ত্রজনিত সমস্যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এখন পর্যন্ত জায়ান মালিক বা তার ব্যবস্থাপনা দল থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার জন্য দোয়া করছেন। কেউ কেউ লিখেছেন, তারা আশা করেন জায়ান দ্রুত সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরবেন। এলআইএ
Go to News Site