Somoy TV
সরকারকে ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা৷ এর ব্যত্যয় ঘটলে যে আন্দোলন গড়ে তোলা হবে তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন ঐক্যের নেতারা৷ গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল করে। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়৷ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা হাম সংক্রমণ পরিস্থিতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি সংকটসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন৷ নেতারা দাবি করেন, বর্তমান সরকার পতিত আওয়ামী লীগ সরকারের মতো গণবিরোধী রূপ ধারণ করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য যে আন্দোলন গড়ে তুলছে, তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তিনি আরও বলেন, জনস্বার্থ বিরোধী অবস্থান নিয়ে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না৷ ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান করবেন না। এসময় বক্তারা জানান, আন্দোলন দমনে বিএনপি ফ্যাসিস্ট আচরণ করলে তা সরকারের জন্য হীতে বিপরীত হবে৷ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের রূপ ধারণ করেছে।
Go to News Site