Jagonews24
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার চড়ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। পরে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস
Go to News Site