Jagonews24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এসময় সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে। জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটক ও সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো পরবর্তীতে বৈদ্যেরবাজারে অবমুক্ত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলোকে অবমুক্তও করা হয়। মো. আকাশ/এফএ/এমএস
Go to News Site