Jagonews24
টানা দুই আসর প্রায় একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে দুই লিগেই ডাক পাওয়া খেলোয়াড়দেরই বেছে নিতে হচ্ছে যেকোনো একটি লিগ। আইপিএলে খেলা অনেক ক্রিকেটারেরই স্বপ্ন। তবে দীর্ঘদিন আইপিএল খেলা অনেকেই এবার এসেছেন পাকিস্তান সুপার (পিএসএল) লিগে। তাদের মধ্যে দীর্ঘ ৮ বছর আইপিএল খেলা ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও আছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতানো ও ফ্র্যাঞ্চাইজিটির ভরসে বনে যাওয়া মঈন এবার আইপিএল ছেড়ে পিএসএলে খেলার কারণ জানিয়েছেন পিএসএলে বসেই। তবে গেল কয়েক মৌসুমে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ এবং নিজের খেলার ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছাতেই পিএসএলে এসেছেন তিনি। গেল মৌসুমে কলকাতার হয়ে খেললেও সেভাবে মাঠে নামার বা ব্যাটিং করার পর্যাপ্ত সুযোগ পাননি তিনি। একাদশে সুযোগ পেয়েছেন কম আবার পেলেও ব্যাটিং করেছেন বেশ নিচের দিকে। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ২০১৮ সালে আইপিএলে অভিষেক করেন মঈন আলী। টানা তিন মৌসুম ছিলেন ফ্র্যাঞ্চাইজিটিতে। পরের চার মৌসুম টানা খেলেন কলকাতা নাইট রাইডার্সে। এর মধ্যে সর্বশেষ দুই আসরে তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন যথাক্রমে ৮ ও ৬ ম্যাচে। এআরওয়াই পডকাস্টে ম্যাচ কমে যাওয়ার প্রসঙ্গ টেনে মঈন বলেন, ‘গত বছর আইপিএলে আমি মাত্র অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করার সুযোগ পেয়েছি মাত্র দুবার। জীবনের এই পর্যায়ে এসে আমি মাঠে থাকতে চাই, আমি ব্যাটিং করতে চাই।’ আইপিএল ও পিএসএলের টুর্নামেন্টের সময়কালও একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে মঈনের জন্য। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৩৮ বছর, আমি এখনো খেলে যেতে চাই, ভালো করতে চাই এবং নিজের ক্যারিয়ারকে যতটা সম্ভব দীর্ঘ করতে চাই। এখানে আসার পেছনে করাচি একটি বড় কারণ ছিল। এই টুর্নামেন্টটা তুলনামূলক ছোট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’ এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩২ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছেন মঈন। আইএন
Go to News Site