Somoy TV
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ফের আলোচনার ইঙ্গিত দিলেও তার সরাসরি বিরোধিতা করেছে ইরান। দেশটির সাথে আলোচনার পরবর্তী দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে।শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে সাঈদ খতিবজাদে বলেন, আলোচনার পরবর্তী ধাপ শুরুর আগে দুই পক্ষের মধ্যে একটি সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত সমঝোতা হওয়া জরুরি। আর এই কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকের নতুন কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতার রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার দিকে মনোনিবেশ করছি। এটি হয়ে গেলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারব। আমি সংবাদমাধ্যমকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ইরান কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে অন্য পক্ষকে তাদের ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান ত্যাগ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।’আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব সংলাপ নিয়ে মার্কিন প্রশাসনের ক্রমাগত টুইট আর পরস্পরবিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করেন খতিবজাদে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানকে একঘরে করার চেষ্টা করছে। বিশেষ করে পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে কোনো ব্যতিক্রমী আইনের অধীনে রাখার চেষ্টা মেনে নেবে না তেহরান। এনপিটি এবং আইএইএ-র সদস্য হিসেবে নিজেদের অধিকার রক্ষায় ইরান আপসহীন থাকবে বলেও জানান তিনি। এদিকে লিবানন-ইসরাইল অস্ত্রবিরতির পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়েও উত্তেজনা বাড়ছে। খতিবজাদে স্পষ্ট জানান, ইরান আন্তর্জাতিক সমুদ্রসীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার নামে ‘সার্কাস’ চালায় কিংবা তেহরানের জাহাজ চলাচলে বাধা দিয়ে অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করে, তবে এর পরিণতি হবে ভয়াবহ। কূটনীতিতে ইরান শ্রদ্ধাশীল হলেও নিজেদের স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। আরও পড়ুন: হরমুজে তেলের ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানি গানবোট, দাবি ইউকেএমটিওর ইসলামাবাদে গত সপ্তাহের উচ্চপর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর এখন সবাই তাকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। তেহরান তাদের অবস্থান পরিষ্কার করলেও হোয়াইট হাউস তাদের ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান থেকে সরে আসবে কি না, তা-ই এখন দেখার বিষয়।
Go to News Site