Collector
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন | Collector
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন
Jagonews24

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন

দেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। চাকরিতে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আন্দোলনকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এতে হাজারো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মানববন্ধনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চাকরিচ্যুত কর্মকর্তারাও অংশ নেন। আয়োজকদের অভিযোগ, প্রভাবশালী একটি গোষ্ঠীর কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয় করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে ছাঁটাই করা হয়েছে। মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো- অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পুনর্বহাল, বিতর্কিত বোর্ড বাতিল করে পেশাদার ব্যবস্থাপনা গঠন, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধ এবং কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা। চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কর্মসূচি কাভার করার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার মতে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই এবং বাংলাদেশ ব্যাংকের বিধি না মেনে এসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল ইসলামী ব্যাংকসহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকে। পরে অবৈধ নিয়োগের অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। তবে দীর্ঘদিন কর্মরত থাকায় একটি নামমাত্র পরীক্ষা নেওয়া হয় যারা এতে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা বহাল রয়েছেন, আর যারা অংশ নেননি তারা চাকরি হারিয়েছেন। বর্তমানে তারাই আন্দোলন করছেন। ইএআর/এমআরএম

Go to News Site