Collector
নতুন পরিকল্পনায় পূর্বাচল স্টেডিয়াম, ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে অন্য খেলাও | Collector
নতুন পরিকল্পনায় পূর্বাচল স্টেডিয়াম, ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে অন্য খেলাও
Somoy TV

নতুন পরিকল্পনায় পূর্বাচল স্টেডিয়াম, ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে অন্য খেলাও

পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশায় বড় পরিবর্তন আনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু ক্রিকেট নয়, এখানে অন্য স্পোর্টসকেও যুক্ত করা হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা আছে বোর্ডের। মাঠ পরিদর্শন শেষে এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।নাজমুল হাসান পাপন আমলে শুরু হয় কার্যক্রম, নৌকার আদলে বানানো হয় নকশা। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী, নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষদিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর ক্রীড় প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল, প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় ২৮ একর জায়গায় শুধু ক্রিকেট নয় অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। এ বিষয়ে গণমাধ্যমকে তামিম বলেন, ‘পুরো ডিজাইনটা তাকে দেখিয়েছি। এখানে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করব না। কিছু কিছু নকশা পরিবর্তন করাটা প্রয়োজন। এটা অনেক বড় একটা জায়গা। এখানে আমাদের চেষ্টা থাকবে যে ক্রিকেটের পাশাপাশি কিছু কিছু স্পোর্টসকে সংযুক্ত করা। তাহলে এটা আমাদের সার্বিক স্পোর্টসের জন্যই ভালো হবে। আর্থিকভাবে হয়তো ক্রিকেট বোর্ডের অবস্থা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়বদ্ধতা রয়েছে অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়ার।’ আরও পড়ুন: বিসিবির কাছে সম্মান পেয়েছেন, ডিপিএল দিয়ে মাঠে ফিরবেন বিজয় ২০১৯ সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রুপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন। কিন্তু হয়েছে উল্টো। একদফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম। উইকেটের মাটির চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, ২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ এ মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। আমিনুল হক বলেন, ‘২০২৭ সালে আমাদের এশিয়া কাপ রয়েছে এবং ২০৩১ সালে আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সে চিন্তা ভাবনা করে আমরা আশা করছি ক্রিকেট বোর্ডর নিজেরাই এ কার্যক্রম শুরু করবে। পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য যা যা করা প্রয়োজন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সে পদক্ষেপগুলো নিব।’ আরও পড়ুন: ডিপিএলের প্রথম দিনের দলবদল সম্পন্ন, কে কোন দলে? পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ-সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারের ডিপিএল সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। ক্রিকেটার্স একাডেমির হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেটের বিষয়ে নানা পরামর্শ দিলো। মাঠ ব্যবহারের জন্য বিসিবির সাথে আমাদের একটা আলাপ হয়েছে। ও (তামিম) দেখে পছন্দ করেছে। প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ বলেছে।’ আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ।

Go to News Site