Somoy TV
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচ জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে গানারদের। অন্যদিকে ম্যানসিটি জিতলে তাদের ট্রফি জয়ের সম্ভাবনা টিকে থাকবে। এমন সমীকরণে ম্যাচটিকে ফাইনালের সঙ্গে তুলনা করেছেন সিটি বস পেপ গার্দিওলা।এতিহাদে ম্যাচটি শুরু হবে রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায়। অংকের হিসেবে ব্যবধান ৬ পয়েন্টের। কিন্তু আর্সেনাল-সিটির এই ম্যাচটাকে অনেকেই বলছে শিরোপা নির্ধারণী। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে একটা ভুল মানেই স্বপ্নভঙ্গ। এবারো কি তীরে এসে তরি ডুববে গানারদের? নাকি অবসান হবে আর্সেনালের দীর্ঘ দুই দশকের অপেক্ষা? পরিসংখ্যান গানারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এক মাস আগেও যে শিরোপা জয় ৯৭ শতাংশ নিশ্চিত মনে হচ্ছিল, সাম্প্রতিক বাজে ফর্মের জন্য তা নেমে এসেছে ৮৭ শতাংশে। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয়। ম্যানসিটির মতো দলের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড মোটেও স্বস্তি দিচ্ছে না মিকেল আর্তেতাকে। গানার বস অবশ্য কোনো নাটকীয়তায় বিশ্বাসী নন। সাকা বা মেরিনোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট তাকে ভোগালেও, মানসিক দৃঢ়তায় তিনি অটল। ড্র করে পয়েন্ট ভাগাভাগি নয়, নজর পূর্ণ ৩ পয়েন্টে। সম্প্রতি ম্যানসিটির কাছে লিগ কাপের ফাইনালে হার, কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে আর্সেনালকে। সে কারণেই কিনা প্রতিপক্ষের জন্যও সমীহ ঝরলো কোচ আর্তেতার কণ্ঠে। আর্সেনাল কোচ বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ড্র নিয়ে এক সেকেন্ডের জন্যও ভাবছি না। আমরা জয়ের জন্য প্রস্তুত হচ্ছি এবং সেভাবেই খেলব। ম্যানসিটি লিগের ইতিহাসের সেরা দলগুলোর একটি, তাদের ম্যানেজারও সেরাদের সেরা।’ আরও পড়ুন: ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কোভেন্ট্রি সিটি পেপ গার্দিওলার কাছে এটা সাধারণ কোনো একটা ম্যাচ নয়। এ ম্যাচকে তিনি তুলনা করেছেন ফাইনালের সঙ্গে। ম্যানচেস্টার সিটির জন্য সমীকরণটা স্পষ্ট, হারলেই সব শেষ। ঘরের মাঠে দর্শকদের সমর্থন আর ছন্দে থাকা আর্লিং হল্যান্ডদের নিয়ে ছক সাজাচ্ছেন এই মাস্টারমাইন্ড। সম্ভাব্য সেরা ছন্দ নিয়েই এ মাঠে খেলতে নামবে সিটিজেনরা। শেষ তিন ম্যাচে তারা হারিয়েছে লিভারপুল, চেলসি ও আর্সেনালকে। সঙ্গে নিজেদের মাঠে সমর্থন তো আছেই। পেপ গার্দিওলা বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল। যদি আমরা হেরে যাই, তবে শিরোপার আশা সেখানেই শেষ। হাতে আরও ছয়টি ম্যাচ বাকি থাকলেও এভারটন, অ্যাস্টন ভিলা বা ক্রিস্টাল প্যালেসের মতো দলগুলোর বিপক্ষে খেলা মোটেও সহজ নয়। অনেক কিছুই করার বাকি আছে।’ আরও পড়ুন: ‘আমরা ক্ষুধার্ত’, মহাগুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচের আগে হল্যান্ডের হুংকার গত ১১ বছর এতিহাদে লিগ ম্যাচে জয় পায়নি আর্সেনাল। তবে শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তারা অপরাজিত। সিটি জিতলে দু'দলের পয়েন্টের ব্যবধান নেমে আসবে তিনে। আর আর্সেনাল জিতলে শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের।
Go to News Site