Jagonews24
চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) আট তলা থেকে ফেলে হত্যার অভিযোগে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুজন হলেন মো. রানা ওরফে মাইকেল রানা এবং তার সহযোগী মো. ইলিয়াস। শনিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে চট্টগ্রাম র্যাব-৭। অন্যদিকে, রোববার (১৯ এপ্রিল) র্যাব-৭ ও খুলনা র্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড় খাজুরার হাট পূর্বপাড়া থেকে ইলিয়াসকে গ্রেফতার করে। নিহত শিক্ষার্থী আশফাক কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। সে লেখাপড়ার সুবাদে চট্টগ্রাম মহানগরীর ডিসি রোড এলাকার শিশু কবরস্থানের পাশে কেএম মঞ্জিলের ষষ্ঠ তলায় ব্যাচেলর বাসায় থাকতো। র্যাবের তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল বিকেলে আশফাক তার বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বাকলিয়া এক্সেস রোড এলাকার মৌসুমি আবাসিক মোড়ে দেখা করে। পরে তারা বৌ বাজার রোডের পাশে একটি দোকানের সামনে বসে কথা বলছিল। এসময় আইমন, অনিক, রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ, মিসকাতুল কায়েসসহ আরও পাঁচ-ছয়জন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আশফাক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে সাড়ে ৪টার দিকে আশফাক কৌশলে পালিয়ে চকবাজার থানার ডিসি রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় উঠে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং ভবনের গেট বন্ধ করে দেয়। পরে দুর্বৃত্তরা ভবনের দারোয়ানকে ‘চোর ঢুকেছে’ জানিয়ে গেট খুলে নেয়। এরপর তারা ভবনের ওপর উঠে আশফাককে মারধর করে লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এমআরএএইচ/একিউএফ
Go to News Site