Somoy TV
টানা সপ্তম হারে প্রথম দল হিসেবে চলমান পিএসএলের লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে নবাগত রাওয়ালপিন্ডিজ। দলের লজ্জাজনক বিদায়ের পর নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সৎ ও আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন পিন্ডিজের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান । তিনি স্বীকার করেছেন, একসময় জাতীয় দলে নিজের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা স্মরণ করে রিজওয়ান জানান, তখন তিনি প্রকাশ্যেই নিজের ব্যর্থতা মেনে নিয়েছিলেন এবং আত্মসমালোচনা করতে দ্বিধা করেননি।রিজওয়ান বলেন, 'যখন আমি বিগ ব্যাশ লিগ খেলছিলাম, নির্বাচিত হওয়ার পর আমি স্পষ্ট বলেছিলাম, এই পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান দলে আমার জায়গা পাওয়া উচিত নয়। তখনও আমি আপনাদের সামনে একই মানুষ ছিলাম। আর আপনারাই বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না, যদি মনে থাকে।'ডানহাতি এই ব্যাটার আরও জানান, সতীর্থ হারিস রউফের সঙ্গে হওয়া এক ব্যক্তিগত আলাপেও তিনি নিজের খারাপ ফর্ম নিয়ে একই কথা বলেছিলেন।তিনি বলেন, 'এখনও আমি সৎভাবেই বলছি; হারিস রউফ এখানেই বসে আছে, সে সাক্ষী। আমরা যখন সেখানে ডিনার করছিলাম, আমি হারিসকে বলেছিলাম, বিগ ব্যাশে আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে পাকিস্তান দলে আমার থাকা উচিত নয়। তখন সে আমাকে যা বলেছিল, সেটা আমি বলতে পারব না, কিন্তু সে জানে।'আরও পড়ুন: টসের পাঁচ মিনিট আগেও শরিফুল জানতেন না তিনি খেলবেননিজের দায় স্বীকার করে রিজওয়ান বলেন, তিনি ভুল করেছেন এবং পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি। তবে এজন্য তিনি ভেঙে পড়বেন না বা ক্রিকেট ছেড়ে দেবেন না।তিনি বলেন, 'আমি বলতে চাই, আমরা সবাই মানুষ। শুরু থেকেই আমি স্বীকার করেছি যে আমি ভুল করেছি এবং আমার পারফরম্যান্স মানসম্মত ছিল না। কিন্তু তার মানে এই নয় যে আমি সাহস হারিয়ে বসে যাব, হেরে যাব, বা ক্রিকেট ছেড়ে দেব। যদি আমার শক্তি থাকে, আমি চালিয়ে যাব। যদি না থাকে, আমি পাকিস্তান অধিনায়কের কাছেও গিয়ে বলেছি, আমার পারফরম্যান্স ভালো নয়, জুনিয়রদের সুযোগ দেওয়া হোক।'সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনার জবাবে রিজওয়ান বলেন, তিনি সবসময় জবাবদিহি করতে প্রস্তুত এবং কঠিন প্রশ্নের ভয় পান না।তিনি বলেন, 'আমি বহুবার এটা বলেছি, যখন সরফরাজ আহমেদ দলে ছিল তখনও বলেছি। এখনও আবার বলছি। আমি প্রশ্নকে ভয় পাই না, মিডিয়াকেও ভয় পাই না। যদি আমার মধ্যে কিছু ঠিক না থাকে, তাহলে নেই। আর যদি আপনারা মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত, তাহলে আমি নেব।'ক্রিকেটের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও তুলে ধরেন রিজওয়ান। তিনি বলেন, জীবনে ক্রিকেটই তার একমাত্র আবেগ ও পরিচয়।আরও পড়ুন: নতুন পরিকল্পনায় পূর্বাচল স্টেডিয়াম, ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে অন্য খেলাওতিনি বলেন, 'আমার জন্য ক্রিকেটই প্যাশন, এটাই সবার আগে। টি-টোয়েন্টি, টেস্ট বা ওয়ানডে; সব ফরম্যাটের ক্রিকেট আমি ভালোবাসি। আমি খেলি কারণ আমি জীবনে আর কিছু জানি না। আমার কোনো ব্যবসা নেই, আর আমি অন্য কোনো খেলাও খেলি না।'সাম্প্রতিক ব্যর্থতা স্বীকার করে রিজওয়ান আরও বলেন, 'হ্যাঁ, আমি এখন ব্যর্থ হয়েছি। আমি পারফরম্যান্স ছাড়া আপনাদের সামনে বসে আছি। হয়তো আমি যথেষ্ট পরিশ্রম করিনি। হয়তো আরও বেশি পরিশ্রম করে আবার ফিরব এবং আপনাদের সামনে দাঁড়াব। কিন্তু এখন আমার পরিশ্রম যথেষ্ট ছিল না, এ কারণেই আপনারা এই ফল দেখছেন।'
Go to News Site