Collector
বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন দিনেশ ত্রিবেদী | Collector
বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন দিনেশ ত্রিবেদী
Somoy TV

বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন দিনেশ ত্রিবেদী

ভারতের দূত হয়ে বাংলাদেশে আসতে যাচ্ছেন পশ্চিম বাংলার দীনেশ ত্রিবেদী। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোটপর্ব মিটলেই তাকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।রোববার (১৯ এপ্রিল) এ তথ্য ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম বলেছে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বড় ধরনের চমক দিতে যাচ্ছে মোদি সরকার। দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। উল্লেখ্য, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে বদলি হচ্ছেন। দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে এমন একজন রাজনীতিবিদকে দূত হিসেবে পাঠানোর এ সিদ্ধান্তকে কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি এর আগে দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আরও  পড়ুন: সংস্কৃতি-ঐতিহ্যের অবিচ্ছেদ্য বন্ধন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে: প্রণয় ভার্মা দিনেশ ত্রিবেদীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক বাঁক রয়েছে। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল ত্যাগ করেন এবং পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। ব্যারাকপুরের সাবেক এ সংসদ সদস্যকে ঢাকায় পাঠানোর প্রস্তাবটি এখন বাংলাদেশ সরকারের সম্মতির অপেক্ষায় রয়েছে। নিয়ম অনুযায়ী, স্বাগতিক দেশের সবুজ সংকেত পাওয়ার পরই এ নিয়োগ চূড়ান্ত করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত এবং কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগকে সেশেলসে হাইকমিশনার হিসেবে পাঠিয়ে মোদি সরকার তাদের নতুন কূটনৈতিক ধারার ইঙ্গিত দিয়েছিল। ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগ সেই ধারারই একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি রাজনৈতিক স্তরে যোগাযোগ বাড়ানোর জন্য অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদের দূত হিসেবে নিয়োগ দেওয়া ভারতের পররাষ্ট্র নীতির নতুন কৌশল। দিনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Go to News Site