Jagonews24
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা দেখছি মাঝরাত পর্যন্ত লাইনে থেকেও মানুষ তেল পাচ্ছে না, অথচ সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। তিনি বলেন, আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তেলের সংকট না থাকলে পাম্পে তিন কিলোমিটার লাইন কেন? রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এমন প্রশ্ন ছুড়ে দেন রুমিন ফারহানা। আরও পড়ুনসরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে জ্বালানি তেলের সংকটের চিত্র তুলে ধরে স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। তার আগে দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত চালকরা দাঁড়িয়ে আছে তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নেই। তিনি আরও বলেন, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে ৭টায় মার্কেট বন্ধ করে দেওয়া। এটা চমৎকার সিদ্ধান্ত; তবে মনে রাখতে হবে কেনাকাটা সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। শুনলাম অফিসও নাকি সপ্তাহে চারদিন হবে। জ্বালানির যদি সংকট না থাকে তবে লম্বা লাইন কেন- এমন প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, তাহলে দোকানপাট সন্ধ্যায় বন্ধ কেন? এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। মন্ত্রীরা যখন কথা বলেন তখন মনে হয় দেশে কোনো সংকট নেই। উনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে কতদিনের অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত আছে। এটা দিয়ে কতদিন চলতে পারবে। পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পায় না। এমওএস/কেএসআর
Go to News Site