Jagonews24
আকাশছোঁয়া জনপ্রিয়তা, বিশ্বজোড়া খ্যাতি-তবুও মাটির মানুষ বলিউডের বাদশা শাহরুখ খান। মুম্বাইয়ের ‘মান্নাত’-এ সংস্কারের কাজ চলায় আপাতত নিজ বাড়ি ছেড়ে পালি হিলসের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়ায় থাকছেন তিনি। আর সেই বাড়ির মালিক জ্যাকি ভাগনানি ফাঁস করলেন শাহরুখের এক ভিন্ন রূপ। জ্যাকি জানান, শাহরুখ শুধু সুপারস্টারই নন, একজন আদর্শ ভাড়াটেও। তার ভাষায়, ‘শাহরুখ স্যারের ব্যবহারকে যদি নম্বর দিতে হয়, আমি দশে এগারো দেব। এমন বড়মাপের মানুষ খুব কমই দেখা যায়।’ তিনি আরও বলেন, শাহরুখ যখন কারও সঙ্গে কথা বলেন, তখন এমন মনোযোগ দেন যে, সামনে থাকা মানুষটি নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই গুণই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। জ্যাকির দাবি, বাইরে থেকে যাকে সবাই “কিং খান” হিসেবে দেখেন, বাস্তবে তিনি ভীষণ সাধারণ এবং বিনয়ী। তার মধ্যে স্টারডমের কোনো অহংকার নেই, বরং সহজ-সরল আচরণেই সকলকে মুগ্ধ করেন। জানা গেছে, পালি হিলসের ওই বহুতল ভবনে চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ। ডুপ্লে অ্যাপার্টমেন্টটির জন্য তাকে মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া দিতে হচ্ছে। পরিবার ছাড়াও সেখানে তার নিরাপত্তাকর্মী ও অফিসের কর্মীরাও থাকছেন। পেশাগত জীবনে শেষবার শাহরুখ খানকে দেখা গেছে ‘ডাঙ্কি’ সিনেমায়, যা ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায়। একই বছরে তার ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। ‘ডাঙ্কি’ বিশ্বব্যাপী আয় করে প্রায় ৪৫৪ কোটি রুপি, যেখানে ‘জওয়ান’ আয় করে ১,১৬০ কোটি এবং ‘পাঠান’ ১,০৫৫ কোটি রুপির বেশি। আরও পড়ুন:হেলিকপ্টার উপহারেও মন গলেনি, সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী নায়িকা আবার বাবা-মা হচ্ছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন আগামিতে ‘কিং’ সিনেমাতে দেখা যাবে শাহরুখকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাতে তার সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বাবা-মেয়েকে, যা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এমএমএফ
Go to News Site