Collector
৩৭ বছর শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে 'রাজকীয়' বিদায় ফোরকান তালুকদারের | Collector
৩৭ বছর শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে 'রাজকীয়' বিদায় ফোরকান তালুকদারের
Somoy TV

৩৭ বছর শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে 'রাজকীয়' বিদায় ফোরকান তালুকদারের

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন পটুয়াখালীর জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ফোরকান তালুকদার। তার কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সাবেক শিক্ষার্থীরা আয়োজন করেছিলেন এক ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের। ব্যান্ডপার্টির বাদ্য আর ঘোড়ায় চড়িয়ে রাজকীয় সম্মানে প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্য’ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাদ্যযন্ত্রের তালে তালে ফোরকান তালুকদারকে ঘোড়ায় চড়িয়ে বিদ্যালয় থেকে বের করা হয়। এসময় কয়েকশ বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয় এলাকাবাসী ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। ঘোড়ায় চড়েই তিনি তাঁর নিজ বাড়িতে পৌঁছান।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফোরকান তালুকদার এই বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী ছিলেন। পরে এখানেই শিক্ষক হিসেবে যোগদান করে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ৩৭ বছর।বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) রইছ উদ্দিন বলেন, 'ফোরকান স্যার সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরে এখানেই শিক্ষকতা করেছেন। আজ তাঁর বিদায় আমাদের জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত।'সাবেক শিক্ষার্থী বশির উদ্দিন তার স্মৃতির কথা তুলে ধরে বলেন, 'স্যারের পড়ানো এখনো আমাদের মনে আছে। তিনি শুধু শ্রেণিকক্ষেই থাকতেন না, বিকেলে আমাদের বাড়িতে গিয়েও খোঁজ নিতেন আমরা ঠিকমতো পড়ছি কি না। তাঁর মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।'আরও পড়ুন: কুড়িগ্রামে শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়শিক্ষার্থীদের এমন ভালোবাসায় অভিভূত বিদায়ী শিক্ষক ফোরকান তালুকদার। তিনি বলেন, 'দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে। তাদের অনেকেই এখন দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আজকের এই সম্মাননা আমাকে অভিভূত করেছে। আমি কখনো ভাবিনি আমার জন্য এভাবে আয়োজন করা হবে।'বিদায়ী শিক্ষক ফোরকান তালুকদার বলেন, 'আমি আজ সিক্ত। যারা এই আয়োজন করেছে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি।'পটুয়াখালীর জৈনকাঠি এলাকায় একজন শিক্ষকের এমন রাজকীয় বিদায় এখন স্থানীয়দের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আয়োজনের ছবি ও ভিডিও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Go to News Site