Jagonews24
রংপুরের একটি সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ৩৫ তরুণ-তরুণীসহ মোট ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় সিনেমা দেখার আড়ালে ছোট ছোট গোপন কক্ষ ও বিছানার ব্যবস্থা করা হয়েছে। উঠতি বয়সী ছেলে-মেয়েরা সেখানে গিয়ে সিনেমা দেখার সময়টায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে। দীর্ঘদিন ধরে সেখানে এমন অসামাজিক কার্যকলাপ চলছিল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। তারা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এছাড়া হল সংশ্লিষ্ট দুজনকেও আটক করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। যারা সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে। এর আগে, গত ১৫ এপ্রিল রাতে নগরীর স্টেশন রোডের শাপলা ব্রিজ সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়। জিতু কবীর/কেএইচকে/জেআইএম
Go to News Site