Collector
আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ | Collector
আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ
Somoy TV

আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হচ্ছে বগুড়াকে। প্রায় দেড়শ বছরের পুরনো এই শহরকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকারপ্রধান।রাষ্ট্রীয় দায়িত্ব নেয়ার পর সোমবার (২০ এপ্রিল) প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর নিজের পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবে করা হয়েছে রংয়ের কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০ পদক্ষেপ: কী আছে এই তালিকায়? সোমবার বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি যাবেন পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধনও করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। বগুড়াবাসী বলছেন, অনেকদিন পর প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনে ফিরছেন, যা তাদের জন্য আনন্দের বিষয়। ১৭ বছর পর দেশে ফিরে আসা তাদের কাছে একটি বড় ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে দেশের মানুষের কল্যাণ হবে, উন্নয়ন এগোবে এবং মানুষ গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাবে। প্রধানমন্ত্রীর এই সফরে বগুড়া জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন বিএনপি নেতারা। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, সিটি করপোরেশন ঘোষণা, প্রেসক্লাব, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, জজকোর্ট ও খাল খননসহ নানা কর্মসূচি থেকে বোঝা যায়-বগুড়ার উন্নয়নের নতুন দ্বার খুলে গেছে। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও রাজনৈতিক বৈষম্য কাটিয়ে এই অঞ্চলকে এগিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার এই সফরে তারই প্রতিফলন ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর ২০ এপ্রিলের কর্মসূচি এদিকে, প্রধানমন্ত্রীর ২০ এপ্রিলের কর্মসূচিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলার পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন। এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলকও উন্মোচন করবেন তিনি। আরও পড়ুন: বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম ও বাঘবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিকেল ৪টায় আলতাফুন্নেছা মাঠে বিএনপির জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া বিকেল পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন। এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন বলে সূচিতে উল্লেখ করা হয়।

Go to News Site