Somoy TV
দিনাজপুর শহরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরও পড়ুন: মেরিন ড্রাইভে ৪ যাত্রী নিয়ে ছুটে চলছিল প্রাইভেটকার, হঠাৎ পুড়ল আগুনে স্থানীয়রা আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। কীভাবে এই বাড়িতে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার হয়নি। আগুনের ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
Go to News Site