Jagonews24
ম্যাচটা নিয়ে আগ্রহের কমতি ছিল না মোটেও। সেই ম্যাচে নিজেদের ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে গানার্সদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো সিটি। এক ম্যাচ কম খেলায় শিরোপার স্বপ্ন দেখছে পেপ গার্দিওলার দল। গতকাল রোববার ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল সিটি। ম্যাচের ১৬ মিনিটেই ফরাসি তরুণ রায়ান চেরকি গোল করে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটিকে। রদ্রিগোর ক্রসের পর বল পান মাথিয়স নুনেস। তিনি বল বাড়ান চেরকির দিকে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে আর্সেনালের জালে বল পাঠান তিনি। গোল করলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। মিনিট দুয়েকের মধ্যেই জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতা ফেরায় আর্সেনাল। থ্রো-ইন থেকে সতীর্থের দেওয়া ব্যাক-পাস পেয়ে বল ক্লিয়ার করতে খানিকটা দেরি করে বসেন গোলরক্ষক দোনারুম্মা। সেই সুযোগে দ্রুত এগিয়ে এসে চাপ সৃষ্টি করেন কাই হাভার্টজ। তার উপস্থিতিতে তড়িঘড়ি করে নেওয়া ক্লিয়ারেন্সটি হাভার্টজের পায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। আর তাতেই ১৮ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই সমতায় ফেরে আর্সেনাল। সমতায় থাকা ম্যাচে জয় পেতে দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য তুমুল চেষ্টা চালায়। আর্সেনাল ওডেগার্ড ও ইজি নিশ্চিত কিছু সুযোগ মিস করেন। ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিইতে উল্লাস ফেরান আর্লিং হালান্ড। ৬৫ মিনিটে নিকো ও\'রাইলির ক্রস রদ্রিগো স্লাইড করে হালান্ডের দিকে বাড়িয়ে দিলে বক্সের ভেতর শরীর ঘুরিয়ে নিপুণ শটে জয়সূচক গোলটি করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন। ম্যাচের শেষ দিকে খেলা হালান্ড ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়। মেজাজ হারানোয় গ্যাব্রিয়েল হলুদ কার্ড দেখেন। সহজ হেড হাভার্টজ মিস করলে আর ম্যাচে ফেরা হয়নি আর্সেনালের। আইএন
Go to News Site