Jagonews24
ফরিদপুর শহরে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষকদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে তার মালিকানাধীন আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে’ এই হামলার ঘটনা ঘটে। এসময় হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলার শিকার আমির শরীফ ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি। এই ঘটনায় আমিন শরীফের ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে অস্ত্রধারীরা আমিন শরীফকে হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাওয়ার সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় আমিন শরীফের ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়া এলাকার মৃত হিরু কসাইয়ের দুই ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) নামীয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন বলেন, নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আমিন শরীফকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মহানগর কৃষকদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এন কে বি নয়ন/কেএইচকে/এমএস
Go to News Site