Somoy TV
হজযাত্রী পরিবহনের পাশাপাশি এবার বেশিরভাগ শিডিউল ফ্লাইটও পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের যাতায়াতের সময় ফাঁকা থাকা ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা দেয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। মাত্র ২০ হাজার টাকায় একমুখী যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। এই উদ্যোগে বিমানের অতিরিক্ত আয় হবে অন্তত ১০০ কোটি টাকা।বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে যাওয়ার পর ফ্লাইটগুলো সাধারণত ফাঁকা অবস্থায় ফিরতে হয়। একইভাবে ফিরতি ফ্লাইটও অনেক সময় একমুখী ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা ফ্লাইটগুলোতেই প্রবাসী ও সাধারণ যাত্রী পরিবহনের উদ্যোগ নিচ্ছে বিমান। এ লক্ষ্যে কম দামে টিকিট বিক্রিও শুরু হয়েছে। এতে ঢাকা-জেদ্দা-মদিনা রুটে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় একমুখী যাতায়াত করা যাবে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পাওয়া গেছে। ফাঁকা আসনগুলোতে যাত্রী নেয়া হবে, এতে কিছুটা লাভ হবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভাড়া কম রাখা হয়েছে। আরও পড়ুন: শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় অনভিজ্ঞ জাপানেই আস্থা সরকারের! রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় নানা সীমাবদ্ধতার মধ্যেই বিমান পরিচালনা করতে হয়। তবে হজ ফ্লাইটের পাশাপাশি সাধারণ যাত্রী পরিবহনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, হজ টার্মিনাল থেকে যাত্রী নামিয়ে অল্প সময়ের মধ্যে বিমানকে পুনরায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে শুধু যাত্রী নয়, কার্গো পরিবহনও বাড়ানো যাবে। সৌদি কর্তৃপক্ষ অনুমতি দিলে অপারেটরদের জন্য এটি বড় সুযোগ তৈরি করবে এবং হজ ভাড়াও কমানো সম্ভব হবে। এর আগে কয়েক বছর সৌদি আরবের বিশেষ শর্তের কারণে হজ ফ্লাইটে অন্য যাত্রী বহন করা যেত না। তবে এবার সেই সীমাবদ্ধতার কিছুটা শিথিলতায় হজ মৌসুমে কম ভাড়ায় এই সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে প্রতিষ্ঠানটি বাড়তি আয়ের পাশাপাশি যাত্রী সেবাও বাড়ানোর আশা করছে।
Go to News Site