Collector
স্পেনে বৈধতার সুযোগ পেলেও ভোগান্তিতে অভিবাসীরা | Collector
স্পেনে বৈধতার সুযোগ পেলেও ভোগান্তিতে অভিবাসীরা
Jagonews24

স্পেনে বৈধতার সুযোগ পেলেও ভোগান্তিতে অভিবাসীরা

স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধ করার নতুন উদ্যোগে একদিকে যেমন আশার আলো জেগেছে, অন্যদিকে নানা জটিলতা ও বাধাও সামনে আসছে। দেশটির বামপন্থি সরকারের বিশেষ নিয়মিতকরণ প্রকল্পের আওতায় হাজার হাজার নথিহীন অভিবাসী এখন বৈধতার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে অনেকেই পড়ছেন বিপাকে। মাদ্রিদের বিভিন্ন কনস্যুলেট ও সরকারি দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিবাসীদের। অনেকের অভিযোগ—প্রক্রিয়াটি কাগজে সহজ হলেও বাস্তবে বেশ জটিল। এক অভিবাসী জানান, সব কিছুই বিনামূল্যে বলা হলেও বাস্তবে আইনজীবীর সাহায্য ছাড়া অনেক কাজ করা কঠিন। তবে সবার অভিজ্ঞতা এক নয়। কেউ কেউ সহজেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারছেন। বিশেষ করে যাতায়াতের কার্ড, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বা রেমিট্যান্সের রসিদ—এসবই অবস্থানের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাচ্ছে। এই প্রকল্পের আওতায় আবেদন করতে হলে— নির্দিষ্ট সময়ের আগে স্পেনে প্রবেশ করতে হবে, অন্তত কয়েক মাস বসবাসের প্রমাণ দিতে হবে, কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না, এই নিয়ম পূরণ করতে পারলে অস্থায়ী আবাসন অনুমতি পাওয়ার সুযোগ থাকবে। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫ লাখের বেশি অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন, যাদের বড় অংশ লাতিন আমেরিকার নাগরিক। এত বিপুল সংখ্যক আবেদন সামাল দিতে সরকার অতিরিক্ত কর্মী নিয়োগ ও অফিস সময় বাড়িয়েছে। তবে অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নথি যাচাই ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এই উদ্যোগ অনেক অভিবাসীর জীবনে নতুন সম্ভাবনা তৈরি করলেও, সবার জন্য পথ সহজ নয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে অনেকেই এখনও অনিশ্চয়তায় রয়েছেন। এমআরএম

Go to News Site